রাবি শিবিরের নবীন বরণে ফের গোলাম আজমের বই উপহার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রশিবির নবীন বরণে শিক্ষার্থীদের ফের গোলাম আযমের লেখা বই উপহার দিয়েছে। গত বছরও তাঁর লেখা বই উপহার দেওয়া হয়েছিল। সে সময় তাঁর লেখা বই দেওয়া কেন্দ্র করে শিক্ষার্থীদের একাংশের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাবি ছাত্রশিবির এক বর্নাঢ্য নবীন বরণ আয়োজন করে।

নাম প্রকাশে না করার শর্তে এক নবীন শিক্ষার্থী বলেন, ‘শিবির যে জমকালো আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে উপহারসামগ্রীর মধ্যে তারা যে একাত্তরের চিহ্নিত রাজাকার গোলাম আযমের লেখা ব‌ই আমাদের দিয়েছে, তা নিন্দনীয়।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘বেশ কয়েক বছর ধরে একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীন বরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটা কোনো শিক্ষার্থীসুলভ সংগঠনের কর্মকাণ্ড নয়।’

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘নবীন বরণ আয়োজনের আড়ালে শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘এটা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না। যখন এটা নিয়ে সমালোচনা তৈরি হবে তখন আমরা এটার ক্লিয়ারেন্স দেবো। যত সময় বিতর্ক সৃষ্টি হচ্ছে না, তত সময় এটা নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করতেছি না।’

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় শাখা ছাত্রশিবির। শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ‎ বিশেষ অতিথি ছিলেন নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত