জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

আলোচনায় এমপি হাসনাতের ব্যতিক্রমী ‘লাইভ ক্লাস’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

‘লাইভ ক্লাসে’ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহি নিশ্চিত করতে ব্যতিক্রমী এক ‘লাইভ ক্লাস’ চালু করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের তরুণ সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এই ব্যতিক্রমী উদ্যোগটি অনেকের কাছে ক্লাসরুমের পাঠদানের মতো মনে হওয়ায় তা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি সংসদীয় এলাকায় বরাদ্দকৃত সরকারি সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। ডিজিটাল বোর্ডে স্লাইড প্রদর্শন করে ধারাবাহিকভাবে দেওয়া এই উপস্থাপনাটি অনেকটা ক্লাসরুমের পাঠদানের আদলে হওয়ায় এটি মানুষের দৃষ্টি কাড়ে।

এই লাইভ ক্লাসে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণসামগ্রী বিতরণের ওয়ার্ডভিত্তিক বর্ণনা দেন। পাশাপাশি ঠিকাদারদের উদ্দেশ্যে ‘কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা’ দিয়ে কর্মদক্ষতা বাড়িয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান তিনি।

লাইভের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় ‘জবাবদিহিতা’ নামের একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়ে জানান, এই পেজ থেকে এখন থেকে তার আসনের সব কাজের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রতিটি উন্নয়ন কাজের হিসাব ‘পাই টু পাই’ বুঝিয়ে দেওয়া হবে।

রাজনীতিতে আসার আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই তিনি ‘স্কুল অব এক্সিলেন্স’ নামক প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও নিজের কাজের পরিধিকে তুলে ধরছেন সেই চেনা রূপে; যা ব্যাপক প্রশংসিত হচ্ছে। জবাবদিহির এমন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ। অনেকেই এই ভিডিও শেয়ার করে অন্যদের কাছ থেকেও এমন জবাবদিহির প্রত্যাশার কথা জানিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার সকাল সাড়ে ১০টা) লাইভ ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ৪ লাখ ৩ হাজারের বেশি। ভিডিওর নিচে মন্তব্য পড়েছে ৩৪ হাজার ৪০০-এর বেশি, শেয়ার হয়েছে ৭১ হাজারেরও বেশি এবং ভিউ হয়েছে ১ কোটি ২০ লাখেরও বেশি।

এএইচ মিলন নামে এক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘ভাই সম্ভবত বলছিলেন, যদি নির্বাচিত হন বাকি ২৯৯ জন এমপির ঘুম হারাম করে ফেলবেন। যেভাবে জবাবদিহি করছেন, আপনার আসনের জনগণ তথা সাড়া বাংলাদেশের জনগণের কাছে। এতে জনগণ উৎসাহিত হয়ে নিজ নিজ আসনের এমপিদের প্রশ্নের সম্মুখীন করবে বলে আশা করছি। দিনশেষে, বাকি ২৯৯ জন এমপি যেন আজকের লাইভ থেকে কিছু হলেও শেখেন দায়িত্ব কাকে বলে।’

মোজাম্মেল হোসেন হৃদয় নামে একজন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ। বাকি ২৯৯ জন (এমপি) যদি এভাবে করতেন, দেশটা উন্নয়নের দিকে এগোতে শুরু করত।’

সাদিক ইসলাম সাদ্দাম লিখেছেন, ‘যেখানে জবাবদিহিতা আছে, সেখানে সুশাসন ও অগ্রগতি নিশ্চিত।’

সম্পর্কিত