৬ মাসে ইতিবাচক উদ্যোগ সত্ত্বেও ব্যবসায় চ্যালেঞ্জ রয়েই গেছে: বিকেএমইএ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৯: ১৩
বিকেএমইএ লোগো

সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির গতি ফেরাতে বেশ কিছু ভালো উদ্যোগ নেওয়া হলেও জ্বালানি, ব্যাংকিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জ এখনও রয়েছে। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট অতি শিগগির শেষ হওয়ার নয়। সরকারের ১৮০ দিনের মূল্যায়নে এমন মতামত দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বেসরকারি খাতকে সহায়তায় বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক। বিশেষ করে রুগ্‌ণ, আংশিক বন্ধ ও বন্ধ কারখানাগুলোকে চালু করতে প্রণোদনা প্যাকেজ দেওয়ার উদ্যোগ। পাশাপাশি কিছু নীতিগত বিষয় সহজ করার উদ্যোগও ব্যবসার জন্য সহায়ক হবে বলে মনে করছে সংগঠনটি।

আংশিক রপ্তানিমুখী এবং বন্ড সুবিধাহীন রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্তও ইতিবাচক বলেছে বিকেএমইএ। মোহাম্মদ হাতেম বলেন, এ সিদ্ধান্ত রপ্তানিকারকদের কার্যক্রম পরিচালনা সহজ করবে। করনীতিতেও ব্যবসা ও বিনিয়োগবান্ধব কিছু পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে শিল্প খাতের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। বিকেএমইএ সভাপতি বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া এই সংকটের স্বল্পমেয়াদি সমাধান সহজ নয়। এরপরও প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। ব্যবসায়ী সংগঠন ও নেতাদের পরামর্শও নিয়েছেন।

সংগঠনটির মূল্যায়নে বলা হয়, সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করেছে। তবে এই সংকট সমাধানের কোনো ‘শর্টকাট’ নেই। নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তা করতে প্রায় দুই বছর লাগবে। এতে দুই বছরের মধ্যে গ্যাস সংকটের সমাধান সম্ভব হচ্ছে না।

এ ছাড়া ব্যাংকিং খাতের সমস্যাগুলো পুরোপুরি সমাধান হয়নি বলেও উল্লেখ করেন তিনি। একসঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিকেএমইএ সভাপতি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

৬ মাসে ইতিবাচক উদ্যোগ সত্ত্বেও ব্যবসায় চ্যালেঞ্জ রয়েই গেছে: বিকেএমইএ