ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে বিএনপি নেতা দাবিটি ভুয়া

স্ট্রিম গ্রাফিক

ফেসবুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, মারধরের শিকার ওই ব্যক্তি মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু।

আরও দাবি করা হয়েছে, ডাচ্-বাংলা ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা নিয়ে বের হওয়া এক নারীর কাছে এক লাখ টাকা চান শিবু। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর ব্যাগ ধরে টানাটানি করেন এবং পরে ‘তৌহিদী জনতার’ হামলার শিকার হন তিনি।

এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ২৩ জুলাই পুরানা পল্টনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক কেরামত আলীকে মারধরের ঘটনার।

প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যা জানা গেল

রিভার্স ইমেজ সার্চে নুরুল আমিন নামের এক প্রত্যক্ষদর্শীর আপলোড করা তিনটি ছবি ও একটি ভিডিও পাওয়া যায়। গত ২৩ জুলাই পোস্ট করা ওই স্ট্যাটাসে তিনি লেখেন, পুরানা পল্টন মোড়ের ট্রপিকানা টাওয়ারের নিচে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

নুরুল আমিন স্ট্রিমকে জানান, এই ঘটনা ২৩ জুলাই ট্রপিকানা টাওয়ারের ইলেকট্রিক প্লাজা এলাকার। টাকার মালিকের ভাষ্য অনুযায়ী, তাঁরা দুই ভাই ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলেন। এই সময় টাকা ছিনতাই করে ওই ব্যক্তি দৌড় দেন। উপস্থিত লোকজন ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন এবং কয়েকজন মারধর করেন।

নুরুল আমিন আরও জানান, ঘটনায় কোনো নারী ভুক্তভোগী ছিলেন না।

ভুক্তভোগীর ভাইয়ের বক্তব্য

ভুক্তভোগীর ভাই আবরার বিন আশেক এলাহী স্ট্রিমকে জানান, তাঁর বড় ভাই ইসলামী ব্যাংক থেকে প্রায় পাঁচ লাখ টাকা তুলে বের হন। এ সময় এক ব্যক্তি টাকা ছিনিয়ে দৌড় দেন। তাঁর বড় ভাই ধাওয়া করে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন তাঁকে মারধর করেন।

আবরার বলেন, দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে। আটক ব্যক্তিকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি একেকবার একেক নাম ও ঠিকানা বলেন।

আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের দাবি নাকচ করে আবরার বলেন, আটক ব্যক্তি ছিনতাইয়ের অভিযোগে ধরা পড়েছিলেন। তিনি বিএনপি বা জামায়াতের নেতা কি না, তা তাদের জানা নেই।

বিএনপির কমিটিতে নেই শিবলুর রহমানের নাম

ভাইরাল পোস্টে ওই ব্যক্তিকে ‘মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু’ বলা হয়েছে। দাবিটি যাচাই করতে বিএনপির মতিঝিল ও পল্টন থানা কমিটির তালিকা পর্যালোচনা করেছে স্ট্রিম।

২০২৫ সালের ৩ জুন অনুমোদিত মতিঝিল থানা বিএনপির কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আলমগীর হোসেনের নাম রয়েছে। কমিটির কোনো পদে শিবলুর রহমান শিবু নামে কেউ নেই।

বিএনপির পল্টন ও মতিঝিল থানা আহ্বায়ক কমিটির তালিকা। কোনো তালিকাতেই শিবলুর রহমান শিবুর নাম নেই। স্ট্রিম কোলাজ
বিএনপির পল্টন ও মতিঝিল থানা আহ্বায়ক কমিটির তালিকা। কোনো তালিকাতেই শিবলুর রহমান শিবুর নাম নেই। স্ট্রিম কোলাজ

ওই তালিকায় সভাপতির কোনো পদও নেই।

একই তারিখে অনুমোদিত পল্টন থানা কমিটির আহ্বায়ক হলেন এস এম আব্বাস। ওই কমিটিতেও শিবলুর রহমান শিবু নামে কেউ নেই। দুটি তালিকায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের স্বাক্ষর রয়েছে।

পুলিশ যা জানিয়েছে

পুরানা পল্টন পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম স্ট্রিমকে জানান, ২৩ জুলাই দুপুর দেড়টার দিকের ঘটনা। ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর এক ব্যক্তি টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। পরে তাঁকে ধরে ট্রপিকানা টাওয়ারের নিচে মারধর করা হয়।

এএসআই নাজিম বলেন, ঘটনাস্থলের বিপরীত পাশের পুলিশ বক্স থেকে কয়েকজন সদস্য গিয়ে ওই ব্যক্তিকে মারধরের হাত থেকে উদ্ধার করেন। পুলিশ বক্সে নিয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের শাহবাগ থানায় পাঠানো হয়।

তাঁর ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেননি। পরে মোবাইল কোর্ট আটক ব্যক্তিকে কারাগারে পাঠান। ওই সময় মোবাইল ডিউটিতে ছিলেন উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মারধরের শিকার ব্যক্তির নাম কেরামত আলী (৫০)। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কালীগঞ্জ এলাকায়।

অর্থাৎ পুরানা পল্টনে ছিনতাইয়ের অভিযোগে আটক কেরামত আলীর ভিডিও মিথ্যা বর্ণনা ও প্রমাণহীন রাজনৈতিক পরিচয় জুড়ে প্রচার করা হয়েছে। তাঁকে মতিঝিল থানা বিএনপির সভাপতি বলার দাবিটি ভুয়া।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত