
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করে ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধসহ ছয় দাবিতে এই কর্মসূচি পালন করে জোটটি।
কর্মসূচি ঘিরে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি ১১ দলীয় ঐক্যের সাম্প্রতিক লংমার্চের দৃশ্য। একটি পোস্টে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘কে যেন বলছিল লং মার্চে নাকি মানুষ নেই।’
ফেসবুকে প্রচারিত আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ৫ সেপ্টেম্বরের ১১ দলীয় ঐক্যের লংমার্চের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি পুরোনো।
ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম ধরে অনুসন্ধানে Maksud Mithu নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২২ ডিসেম্বর আপলোড করা একই ভিডিও পাওয়া যায়। অর্থাৎ, ভিডিওটি ৫ সেপ্টেম্বরের লংমার্চের প্রায় সাড়ে আট মাস আগেই অনলাইনে প্রকাশিত হয়েছিল।
অনুসন্ধানে একই স্থান ও ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। সেসব ভিডিওতে প্রচারিত ফুটেজে থাকা জনসমাগম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্লোগানরত ব্যক্তিদের সঙ্গে মিল দেখা যায়। ভিডিওগুলো ২০২৫ সালের ডিসেম্বরেই ইউটিউবে প্রকাশিত হয়েছিল। (১, ২)
সুতরাং, সাম্প্রতিক লংমার্চের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটির দাবি সঠিক নয়। ভিডিওটি পুরোনো।
.png)






