জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

তাঁদের চোখে ‘স্বাধীনতা’ মানে কী

খাদিজা আক্তার
খাদিজা আক্তার

এআই জেনারেটেড ছবি

২৬ মার্চ কেবল একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটি একটি জাতির আত্মপরিচয়। প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালন করি আমরা। তবে ‘স্বাধীনতা’ শব্দ সবার কাছে একই অর্থ বহন করে না। জেনজিদের চোখে স্বাধীনতা মানে এক, তো মিলেনিয়ালদের চোখে স্বাধীনতার মানে আরেক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ (৪৫) স্ট্রিমকে বলেন, স্বাধীনতা একটি ব্যাপক অর্থ বহনকারী শব্দ। বিশ্বের অনেক জাতির নিজস্ব রাষ্ট্র নেই, আমাদের আছে। তবে এই স্বাধীনতা তখনই অর্থবহ হয় যখন মানুষ ভৌগোলিক স্বাধীনতাকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে যথাযথভাবে কাজে লাগাতে পারে।’

শেখ আদনান ফাহাদ। স্ট্রিম ছবি
শেখ আদনান ফাহাদ। স্ট্রিম ছবি

সংবাদকর্মী ও যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর লাবিবা মারযুকা মাহীর (২৬) কাছে স্বাধীনতা মানে সত্য বলার সাহস। তিনি বলেন, ‘স্বাধীনতা মানে নির্ভয়ে তথ্য তুলে ধরা এবং ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোর অধিকার। সত্যকে বিকৃত না করে ন্যায়ের পক্ষে থাকা এবং দায়বদ্ধ সাংবাদিকতাই আমার কাছে প্রকৃত স্বাধীনতা।’

লাবিবা মারযুকা মাহী। স্ট্রিম ছবি
লাবিবা মারযুকা মাহী। স্ট্রিম ছবি

তবে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার সংজ্ঞাটি আবার ব্যক্তিগত অধিকার এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধের এক দারুণ সংমিশ্রণ। রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী কাজী জাহিন সানজিদা রিয়ানার (২১) মতে, স্বাধীনতা হলো নিজের ইচ্ছা ও মূল্যবোধের ভিত্তিতে জীবন পরিচালনার অধিকার। তিনি মনে করেন, এটি একটি মৌলিক মানবিক ভিত্তি যা মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করে।

কাজী জাহিন সানজিদা রিয়ানা। স্ট্রিম ছবি
কাজী জাহিন সানজিদা রিয়ানা। স্ট্রিম ছবি

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার নুর জোনাক (২৩) কিছুটা ভিন্ন বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, ‘খাতা-কলমে স্বাধীন হলেও প্রাত্যহিক জীবনে জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং শহুরে যান্ত্রিকতা আমাদের স্বাধীনতাকে সীমিত করে দিচ্ছে। জীবনের নিরাপত্তা এবং স্বাধিকার নিশ্চিত হলেই স্বাধীনতা পূর্ণতা পাবে।’

শাহরিয়ার নুর জোনাক। স্ট্রিম ছবি
শাহরিয়ার নুর জোনাক। স্ট্রিম ছবি

একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দাস (২৬) এবং তিতুমীর কলেজের মো. পাভেল আহাম্মেদ (২৭)—দুজনেই মনে করেন, নিজের স্বাধীনতা সেখানেই শেষ যেখানে অন্যের অধিকার শুরু হয়। পাভেলের মতে, অন্যের অধিকার অক্ষুণ্ণ রেখে নিজের কাজ বাধাহীনভাবে করাই হলো স্বাধীনতা।

মো. পাভেল আহাম্মেদ। স্ট্রিম ছবি
মো. পাভেল আহাম্মেদ। স্ট্রিম ছবি

কৈশোরের চোখেও স্বাধীনতার রূপটি বেশ স্পষ্ট। গোপালগঞ্জ সদরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম (১৭) মনে করে, নিজের ইচ্ছামতো ঘুরতে পারা, খেলতে পারা ও কথা বলতে পারার নামই স্বাধীনতা।

ইব্রাহিম। স্ট্রিম ছবি
ইব্রাহিম। স্ট্রিম ছবি

মূলত স্বাধীনতা মানে শুধু শাসনমুক্ত হওয়া নয়; এটি মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের প্রতিষ্ঠা। বিশ্বের মহান মনীষীরাও একই কথা বলে গেছেন। নেলসন ম্যান্ডেলার ভাষায়, ‘স্বাধীন হওয়া মানে শুধু নিজের শৃঙ্খল ভাঙা নয়, বরং এমনভাবে বাঁচা যাতে অন্যের স্বাধীনতাকেও সম্মান করা হয়।’ অন্যদিকে মহাত্মা গান্ধী মনে করতেন, সত্যিকারের স্বাধীনতা আসে আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতার মাধ্যমে।

সম্পর্কিত