জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নতুন সরকারের শপথ কে পড়াবেন

জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন প্রধান আগ্রহের জায়গা, নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা কখন এবং কীভাবে শুরু হবে।

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৩৫
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন প্রধান আগ্রহের জায়গা, নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা কখন এবং কীভাবে শুরু হবে। বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ বলছে, সাধারণ নির্বাচনের ফলাফল প্রথমে ‘সরকারি গেজেটে প্রজ্ঞাপিত’ হতে হবে। গেজেটের পর তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে।

বেসরকারি ফল ঘোষণার পর গেজেট প্রকাশে এক-দুদিন সময় লেগে যেতে পারে। ফলে ফল ঘোষণার দিন থেকে তিন দিন, এমন সরল সমীকরণ সংবিধানে নেই।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন সংসদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না। অর্থাৎ সব কিছু স্বাভাবিক থাকলে নির্বাচনের ছয় দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে।

কিন্তু এবার প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ। শপথ পড়াবেন কে

অতীতে আমরা দেখেছি, নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাতেন জাতীয় সংসদের স্পিকার। কিন্তু চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বদলে যাওয়া পরিস্থিতিতে এখন সংসদ নেই, স্পিকার বা ডেপুটি স্পিকার নেই। ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় শপথ অনুষ্ঠান আয়োজনের পথটি আপাতত বন্ধ।

তাহলে উপায়

আবারও ফিরতে হয় সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে। সেখানে স্পষ্টভাবে বলা আছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’

কিন্তু এই ‘নির্দিষ্ট ব্যক্তি’ কে

প্রথমত, রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। সংবিধান তাঁকে সেই ক্ষমতা দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে প্রধান বিচারপতির কথা। রাষ্ট্রপতি তাঁকে মনোনীত করতে পারেন। কিংবা অন্য কোনো সাংবিধানিক পদাধিকারীকেও দায়িত্ব দেওয়া যেতে পারে।

দ্বিতীয়ত, যদি গেজেট প্রকাশের পর ৩ দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে না পারেন বা না করেন, তাহলে সংবিধান অনুযায়ী পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন এবং সে ক্ষেত্রে তিনিই ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে বিবেচিত হবেন।

অর্থাৎ, পথ দুটি খোলা আছে। প্রথম পথ হলো রাষ্ট্রপতির মনোনয়ন। আর দ্বিতীয় পথ হলো প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাবেন।

তবে এখানে একটি সময়গত বিষয় রয়েছে। যদি প্রথম তিন দিনে মনোনীত ব্যক্তি শপথ না করান, তাহলে প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্ব নিতে হলে আরও তিন দিন অপেক্ষা করতে হবে। ফলে পুরো প্রক্রিয়া সর্বোচ্চ ছয় দিনে গড়াতে পারে।

Ad 300x250

সম্পর্কিত