আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এবার থাইল্যান্ড গেলেন মিয়ানমারের রাষ্ট্রপতি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১২: ৫৩
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং (বাম পাশ থেকে) । ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে থাইল্যান্ড সফর করেছেন মিয়ানমারের সামরিক শাসক ও রাষ্ট্রপতি মিন অং হ্লাইং।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংককে পৌঁছে তিনি থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

ব্যাংককে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া মিন অং হ্লাইং গত এপ্রিলে সেনাসমর্থিত নির্বাচনে রাষ্ট্রপতি হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে দৌড়ঝাঁপ জোরদার করেছেন। এ সফরের মাধ্যমে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহের কথা জানান তিনি।

বৈঠকে মিন অং হ্লাইং প্রতিশ্রুতি দিয়ে বলেন, মিয়ানমার বর্তমানে গণতন্ত্রের পথে এগোচ্ছে এবং দেশের সামনে ভালো ভবিষ্যৎ রয়েছে। থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যকার বাণিজ্য ১২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে তিনি একটি ব্যবসায়িক সম্মেলনেও যোগ দেন এবং প্রস্তাবিত দাউয়েই গভীর সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, দুই দেশ অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় থাইল্যান্ড সতর্ক পুনঃযোগাযোগ নীতি অনুসরণ করছে। তবে আসিয়ান এখনো মিয়ানমারের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি এবং তাদের শান্তি উদ্যোগও কার্যকর হয়নি।

বিশ্লেষকরা বলছেন, থাইল্যান্ডের এ কূটনৈতিক উদ্যোগ আসিয়ানে তাদের প্রভাব বাড়াতে পারে, তবে জান্তা সরকারকে সমর্থনের ঝুঁকি এড়াতে ব্যাংকককে সতর্ক থাকতে হবে। অন্যদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত