জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত ও ‘বার্থ ট্যুরিজম’ নিষিদ্ধে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৩: ১১
প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা ও 'বার্থ ট্যুরিজম' নিষিদ্ধের জন্য দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই এ কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল, এবার ভিন্ন কৌশলে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করছি।’ সুপ্রিম কোর্টে আগের আইনি লড়াইয়ে গত জুনে সিদ্ধান্ত খারিজ হওয়ার কয়েক সপ্তাহের মাথায় ট্রাম্প প্রশাসন নতুন আদেশে সই করল।

নতুন আদেশের একটিতে বাবা-মা আমেরিকান না হলে এবং তাদের কেউ সন্ত্রাসী সংগঠনের সদস্য, বিদেশি কর্মচারী বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্বপ্রত্যাশী হলে যুক্তরাষ্ট্রে জন্মানো সন্তান স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। অন্য আদেশে সন্তান প্রসবের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পর্যটক সেজে যাওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ নিষিদ্ধ করা হয়েছে।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানান, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্টকে দেওয়া ক্ষমতার ভিত্তিতেই বার্থ ট্যুরিজম নিষিদ্ধ করা হয়েছে। ট্রাম্পের দাবি, এর মাধ্যমে লাখ লাখ শিশুর জন্ম হলেও মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্যমতে বছরে ২২ থেকে ২৬ হাজার শিশুর জন্ম এভাবে হয়ে থাকে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক গ্যাব্রিয়েল চিন জানান, সন্তান প্রসবের উদ্দেশ্যে আসা নারীদের প্রবেশ প্রেসিডেন্ট স্থগিত করতে পারলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুকে সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী নাগরিকত্ব না দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নেই।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত