‘রাজনীতি করা ভুল ছিল’, সুইসাইড নোটে তৃণমূল নেতা আশিস

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ডেস্ক

টানা পাঁচবারের বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা আশিস ব্যানার্জি। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেস নেতা আশিস ব্যানার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে বাড়ির পাশের দলীয় কার্যালয়ে তাঁর লাশ পাওয়া যায়। এ সময় পুলিশ এক পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার করে। ওই নোটে রাজনীতিতে যোগ দেওয়াকে ভুল উল্লেখ করে পরিবারের সদস্যদের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন আশিস।

টানা ২৫ বছর রামপুরহাট আসনের বিধায়ক থাকা এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ সুইসাইড নোটে দাবি করেন, তিনি কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কোনো কাজের বিনিময়ে টাকা নেননি।

আশিস লেখেন, তৃণমূলের ভেতরের অনেক অন্যায্য কাজ তিনি মেনে নিতে না পারলেও সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেননি।

তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষের (টিআরডিএ) বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘সাধারণ সভায় যোগ দেওয়া ছাড়া টিআরডিএতে আমার কোনো দায়িত্ব ছিল না। টেন্ডার কমিটি, চেকে সই করা, প্ল্যান অনুমোদন বা অনাপত্তি সনদ (এনওসি) দেওয়ার কোনো ক্ষমতা আমার ছিল না। কেউ কখনো এসব বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেনি। আমাকে হেয় ও অপমান করার যে চেষ্টা করা হয়েছে, আমি তার নিন্দা জানাই।’

শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকা এই প্রবীণ নেতা লিখেছেন, ‘সারা জীবন শিক্ষকতা করেছি। কোনো দিন ক্লাস ফাঁকি দিইনি। স্পেশাল ক্লাস নিয়েছি। ছাত্রদের অনেককে বিনা পয়সায় পড়িয়েছি। ওদের ভালোবাসা পেয়েছি।’

এরপর পরিবারের সদস্যদের শান্ত থাকার পরামর্শ দিয়ে আশিস লিখেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী আশিস ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রামপুরহাট বিধানসভা আসনের প্রতিনিধিত্ব করেন। এ বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি।

টানা পাঁচবারের বিধায়ক আশিস ব্যানার্জি বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মমতা ব্যানার্জির সরকারের শিক্ষা, কৃষিসহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

‘রাজনীতি করা ভুল ছিল’, সুইসাইড নোটে তৃণমূল নেতা আশিস