‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যুক্ত হচ্ছে মিসর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯: ২৩
স্ট্রিম গ্রাফিক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। রোববার (১৬ আগস্ট) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, এই চুক্তি অন্যান্য দেশের জন্য উন্মুক্ত। মিসরের অন্তর্ভুক্তির সম্ভাবনা বেশি।

গত শুক্রবার পবিত্র মক্কা নগরীতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী, এই তিন দেশের কেউ আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে।

এরদোয়ান বলেন, ‘এই চুক্তি বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে।’ আঞ্চলিক সংকট ও কূটনৈতিক ইস্যুতে তিনি জানান, হরমুজ প্রণালি পুনরায় খোলা তুরস্কের প্রধান অগ্রাধিকার, কারণ এটি বন্ধ থাকা কারও স্বার্থের পক্ষে নয়।

এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতার ভূমিকা পালন করছে।

আঞ্চলিক অস্থিরতায় প্রতিবেশীদের একা ছেড়ে না দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে সব ধরনের চেষ্টা করবে তুরস্ক। শিগগিরই সিরিয়া সফর করবেন বলে জানান তিনি।

এরদোয়ান আরও বলেন, সিরিয়ার কুর্দিরা সেখানে শান্তি ও স্থিতিশীলতার অংশীদার হবে এবং পুরো অঞ্চলে কুর্দি জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় তুরস্ক কাজ করবে।

গাজা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গাজাকে একা ছেড়ে দিতে পারি না।’ এরদোয়ান দাবি করেন যে হামাস সততার সঙ্গে তাদের প্রতিশ্রুতি পালন করলেও ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যুক্ত হচ্ছে মিসর