২৪১ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

নিখোঁজ জাহাজ ভার্গো ট্রান্সপোর্ট ৮। ছবি: সংগৃহীত
নিখোঁজ জাহাজ ভার্গো ট্রান্সপোর্ট ৮। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ আরোহী নিয়ে একটি জাহাজ নিখোঁজ হয়ে গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

প্রায় দুই ঘণ্টা পরে বিষয়টি জানতে পারে দক্ষিণ কালিমান্তান প্রদেশের বানজারমাসিন সার্চ অ্যান্ড রেসকিউ অফিস। এরপর দেশটির উদ্ধারকারী সংস্থা জাহাজটির সন্ধানে সাগরে তল্লাশি অভিযান শুরু করেছে।

জাহাজটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া শহর থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। জাহাজটির অপারেটর পিটি ভার্গো ইয়োয়েল রিহি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে যাত্রা শুরু করে এটি।

বানজারমাসিন সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ই পুতু সুদায়ানা জানান, সাগরে রওনা হওয়ার পর জাহাজটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে। এরপরপর সেটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে। তালিকা অনুযায়ী, জাহাজটিতে ২৪১ আরোহী রয়েছেন।

জাহাজটির খোঁজে একটি উদ্ধারকারী দলকে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ ঘাটে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী জাহাজকে জাহাজটির সম্ভাব্য অবস্থানের দিকে পাঠানো হয়েছে।

সুদায়ানা বলেন, বিপুলসংখ্যক যাত্রী ও ক্রু থাকায় তাদের উদ্ধারে প্রয়োজনীয় সব জনবল এবং সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। তল্লাশি অভিযানে সামুদ্রিক বিষয়ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

সূত্র: এবিসি নিউজ

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত