মধ্যপ্রাচ্যে সংঘাতের লাগাম টানতে সম্মত ব্রিকস নেতারা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ব্রিকস সম্মেলনে রাশিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইরানের রাষ্ট্রপ্রধানেরা। সংগৃহীত ছবি
ব্রিকস সম্মেলনে রাশিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইরানের রাষ্ট্রপ্রধানেরা। সংগৃহীত ছবি

ব্রিকস শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্য সংঘাতের লাগাম টানা ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিরসনে যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে শুরু হওয়া এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।

ব্রিকস রাষ্ট্রগুলোর যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ঘোষণায় ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতি আর খারাপ করে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বেসামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ফিলিস্তিন ইস্যুতে ব্রিকসের ঘোষণায় বলা হয়, তারা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র বিরোধী। গাজায় অবিলম্বে ইসরায়েলি সহিংসতা বন্ধ, ইউএনডব্লিউআরএ-র প্রতি সমর্থন এবং ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি জানায় ব্রিকস সদস্যরা।

বাণিজ্য, সাপ্লাই চেইন ও শুল্ক নীতি

যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক সংকটে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিকসের ঘোষণায় বিশ্ব বাণিজ্য, সাপ্লাই চেইন, জ্বালানি প্রবাহ এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

এ ছাড়া নন-ওয়েস্টার্ন বা পশ্চিমা কাঠামোর বাইরের আন্তঃসীমান্ত পেমেন্ট চ্যানেলের সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সহযোগিতা এবং একতরফা নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিরোধিতা করা হয়েছে।

ইরান ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক

মধ্যপ্রাচ্যের সংঘাতে দুই মেরুতে অবস্থান করা ইরান ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসের ঘোষণাপত্রে একমত হয়েছে। সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এতে আঞ্চলিক স্থিতিশীলতা ও সংঘাত নিরসন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

সি চিন পিং ও মোদির শান্তির ডাক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দীর্ঘ সাত বছর পর ভারত সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সম্মেলনে চিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এবং শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস জোটকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সি চিন পিং বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী। তাই শান্তি ফেরাতে চীন ব্রিকসের অন্য সদস্যদেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ব্রিকস এখন পরিণত জোট। আন্তর্জাতিক মঞ্চে এই জোটের ঐক্যকে ফলাফলে রূপান্তরিত করার সময় এসেছে। মোদি তাঁর বক্তব্যে ব্রিকস সদস্যদের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, শুল্ক বাধা হ্রাস এবং ব্যবসার নতুন সুযোগ তৈরির ওপর জোর দেন।

২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে গঠিত ব্রিকস বর্তমানে ১১ সদস্যের বৈশ্বিক জোটে পরিণত হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত