ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
স্ট্রিম সংবাদদাতাঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসাদুল হক (৩৩) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় অন্তত দুজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যদের গুলিতে আসাদুল আহত হন। পরে তাঁকে রায়গঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আসাদুল মারা যান।
আসাদুল পীরগঞ্জের ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক দুজন হলেন- একই এলাকার আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) ও মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা (৩৫)।
শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত দেড়টার দিকে পীরগঞ্জ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের ভেতরে একটি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়েন। এতে আসাদুল আহত হন। পরে তাঁকে ভারতের রায়গঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। আসাদুলেরর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত আসাদুল আমার এলাকার ছেলে। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। পরে তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানিয়েছি।
বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, বিএসএফ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এ বিষয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
.png)






