
রাজধানীতে হঠাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাতটা দশের আকস্মিক এই বৃষ্টিতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের দিকে রাজধানীতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এদিন সকালে ঢাকায় ১৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে রাজধানীর আসাদগেট, মিরপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা ও নতুন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের যাত্রীদের বিপাকে পড়তে হয়েছে। সকালের ব্যস্ত সময়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহনের অভাবে অফিসগামী যাত্রী এবং স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খান। অনেককে রাস্তার মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এর আগে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে মৃদু থেকে মাঝারি ধরনের বাতাস বয়ে যেতে পারে। ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
এদিকে দেশের অভ্যন্তরীণ অঞ্চলের জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
.png)






