ঢাকার নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিম প্রতিবেদক

ঢাকার চারপাশের নদ-নদী দূষণমুক্ত ও নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর বর্তমান পরিস্থিতি এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণের বিষয়ে পর্যালোচনা হয়। একইসঙ্গে নদীগুলো থেকে বর্জ্য অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। শুধু সরকারি নির্দেশনায় নয়, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।’
নদীদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নদী রক্ষা ও ব্যবস্থাপনায় ইতিমধ্যে নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
.png)






