রাষ্ট্রপতিকে বরণে ঠাকুরগাঁওয়ে জনতার ভিড়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সার্কিট হাউসে পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও সার্কিট হাউসে পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। দুই দিনের এই সরকারি সফরে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম রয়েছেন।

স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছালে নাগরিক সংবর্ধনা কমিটির নেতা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শনের পর তিনি শহরের সেনুয়া এলাকায় পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর শহরের নিজ বাসভবনে যান।

বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই জেলার পাঁচটি উপজেলা—সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার মানুষ জমায়েত হয়েছে।

দুপুরের মধ্যেই শহরের বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা পর্যন্ত রাজপথে মানুষের ভিড় দেখা যায়। সংবর্ধনাস্থলে এসে আবেগাপ্লুত ভ্যানচালক আবদুল হালিম বলেন, ‘হামার ঘরের লোক এত বড় পদে বসছে, এটা দেখার আনন্দই আলাদা।’

হরিপুর সীমান্ত এলাকা থেকে আসা কৃষক মো. বাবুল ইসলাম জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন; কিন্তু নিজ জেলার একজন মানুষ দেশের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসেছেন জেনে দেখতে ছুটে এসেছেন।

ভুল্লী থেকে আসা বিএনপি সমর্থক রফিকুল ইসলাম বলেন, ‘হয়তো ভবিষ্যতে আর কখনো সাধারণ মানুষের মতো করে এভাবে তাঁকে দেখার সুযোগ পাব না, তাই একনজর দেখার জন্য ছুটে এসেছি।’

ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মোহাম্মদ খায়রুল কবির বলেন, ‘আমাদের ঘরের সন্তান দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন—এটি সমগ্র ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের। সর্বস্তরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংবর্ধনার আয়োজন সম্পন্ন করা হয়েছে।’

সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত