শাহজালাল বিমানবন্দরে কর্মীর বেল্টে মিলল ১৩ কেজি সোনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫২
জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। ছবি: সংগৃহীত
জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৩ দশমিক ৯২ কেজি ওজনের ১২০টি সোনার বার জব্দ করেছে কাস্টমস হাউস। কাস্টমসের দাবি, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

এ ঘটনায় জড়িতের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সহকারী টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান এয়ারলাইনসের বিমানের (ফ্লাইট নং- বিজি ১৪৮) মাধ্যমে স্বর্ণ চোরাচালান হচ্ছে।

সংবাদ পাওয়ার পরপর বিমানবন্দরে কর্মরত কাস্টমস ও প্রিভেন্টিভ টিম বিমানে বিশেষ তল্লাশি (রামেজিং) চালাতে উপস্থিত হন। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মেকানিক্যাল ও ক্লিনিং দল বিমান পরিষ্কার শেষে নিচে নামলে তাদের তল্লাশি করা হয়। তখন এভসেক, কাস্টমস গোয়েন্দা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তল্লাশিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টে সুকৌশলে স্কচটেপে প্যাচানো লুকানো বস্তু উদ্ধার করা হয়। বস্তুগুলো জব্দ করে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। সেখানে ১২০ টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার স্বর্ণের বারগুলো মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। প্রচলিত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত