কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুষ্টিয়া

স্থানীয় কবরস্থান থেকে দেহাবশেষ তুলে আবার দরবার প্রাঙ্গণে পীর শামিমকে কবর দেওয়ার অভিযোগ করেছে পরিবার। সংগৃহীত ছবি
স্থানীয় কবরস্থান থেকে দেহাবশেষ তুলে আবার দরবার প্রাঙ্গণে পীর শামিমকে কবর দেওয়ার অভিযোগ করেছে পরিবার। সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান শামীমের মরদেহ স্থানীয় কবরস্থান থেকে তুলে তাঁর দরবার প্রাঙ্গণে নতুন করে দাফন করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা।

স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকার স্থানীয় কবরস্থান থেকে তাঁর মরদেহ তুলে ‘শামিমি বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে নতুন করে দাফন করা হয়েছে।

পীর আব্দুর রহমান শামীমের বড় ভাই ফজলুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তাঁরা কবরস্থানে গিয়ে দেখেন, কবরটি খোঁড়া হয়েছে। মরদেহ তুলে নেওয়ার আলামতও পাওয়া গেছে। পরে দরবার প্রাঙ্গণে গিয়ে একটি নতুন কবর খোঁড়া এবং খাপাচি দিয়ে মাটি চাপা অবস্থায় দেখতে পান তাঁরা।

খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সরিয়ে নেওয়ার আলামত পাওয়া গেছে। নতুন কবরের ভেতরে কঙ্কালসদৃশ বস্তু দেখা যাচ্ছে। তবে সেটি শামীমের মরদেহের অংশ কি না, তা নিশ্চিত হতে আরও প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল দুপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীর শামীমের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তাঁকে মারধর করে হত্যা করা হয়।

ভক্তরা দরবার প্রাঙ্গণে দাফনের দাবি জানালেও পরদিন ১২ এপ্রিল পরিবারের লোকজন স্থানীয় কবরস্থানে তাঁকে কবর দেন। নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, জীবিতাবস্থায় পীর শামীম তাঁর প্রতিষ্ঠিত দরবার শরিফেই সমাহিত হতে চেয়েছিলেন। তবে বিভিন্ন জটিলতার কারণে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের কবরস্থানে তাঁকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় গ্রামের একটি ঈদগাহে জানাজা শেষে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, জীবিতাবস্থায় পীর শামীম তাঁর প্রতিষ্ঠিত দরবার শরিফেই সমাহিত হতে চেয়েছিলেন। তবে বিভিন্ন জটিলতার কারণে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের কবরস্থানে তাঁকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত