কথা-কাটাকাটির জেরে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ আহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

রাজশাহী নগরীর বিনোদপুরে এক রেস্তোরাঁয় ভাঙচুর। ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর বিনোদপুরে একটি রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন পুলিশের এক সদস্য। শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনোদপুর বাজারে এই ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণে পায়ে আঘাত পান পুলিশ সদস্য মো. ফয়েজ। প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন তরুণ বিনোদপুর বাজারে ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই তরুণরা আরও লোকজন নিয়ে এসে রেস্তোরাঁটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন।

বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব বলেন, ঘটনাস্থলে তিনি ছিলেন না। পরে জানতে পেরেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হবে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে তিন থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে রাত সাড়ে ১০টার মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

ওসি জানান, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রেস্তোরাঁর মালিক হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত