সূত্রাপুরে পারিবারিক কলহে আগুনের ঘটনায় একজনের মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৪
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবিঃ সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবিঃ সংগৃহীত

রাজধানীর সূত্রাপুর থানাধীন শ্যামবাজারে পারিবারিক কলহের জেরে আগুন লাগানোর ঘটনায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইমন (২৬)। তিনি সৌদি প্রবাসী।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, নিহত ইমনের শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। একই ঘটনায় ইমনের বাবা সিদ্দিকের ৩৫ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ ও ধলু মিয়ার ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আরও জানান, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক। বাকি দুজনের দগ্ধ অংশ কম হওয়া তারা শঙ্কামুক্ত বলা যেতে পারে।

পরিবারের সদস্যরা জানান, দগ্ধরা সবাই শ্যামবাজার চামারটুলি এলাকার পৈতৃক ভিটায় পাশাপাশি বসবাস করেন। আহতদের মধ্যে রাজিব ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মেকানিক হিসেবে কর্মরত। ধলু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তানিয়া পুরান ঢাকার উইমেন্স কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী।

ধলু মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার জানান, শুক্রবার বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সাথে তানিয়ার তর্কাতর্কি হয়। তানিয়া ময়লা পানি পরিষ্কার করতে বললে সুলতানা বিষয়টি সৌদি আরবে অবস্থানরত ভাই ইমনকে জানান। খবর পেয়ে ইমন শনিবার দেশে ফেরেন।

সোনিয়া আরও জানান, শনিবার বিকেলেই ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, ‘আমিও মরব, তোদেরও মারব’। এই কথা বলেই তিনি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ঘরে থাকা সবাই দগ্ধ হন। বিকেল ৫টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত