
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করে হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচার মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ সোমবার (২০ জুলাই) এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার।
বাতিল হওয়া এজেন্সির মধ্যে রয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন দুটি এজেন্সি ‘অরবিটালস এন্টারপ্রাইজ’ এবং ‘অরবিটাল ইন্টারন্যাশনাল’। এ ছাড়া ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের ‘আহমেদ ইন্টারন্যাশনাল’, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ‘স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড’ এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরীর ‘ফাইভ এম ইন্টারন্যাশনাল’ রয়েছে এই তালিকায়। বাতিল হওয়া এজেন্সির তালিকায় আরও রয়েছে জনশক্তি খাতের আলোচিত ব্যবসায়ী নূর আলীর ‘ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড’ এবং মালয়েশিয়া সিন্ডিকেটের অন্যতম সদস্য রুহুল আমিন ওরফে স্বপনের ‘ক্যাথারসিস ইন্টারন্যাশনাল’।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রিক্রুটিং এজেন্সিগুলোর অনুকূলে ইস্যু করা লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান পালনের বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে ৪৯টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধি (দ্যা পেনাল কোড), ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। এই অবস্থায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী এই রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।’
প্রজ্ঞাপনে উল্লেখ করা ৪৯টি রিক্রুটিং এজেন্সি হলো—ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটালস এন্টারপ্রাইজ, এম/এস শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হায়দরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েটস, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, এম/এস বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, এম/এস কিউ.কে. কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, এম/এস ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, দাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালট্যান্সি, এম/এস স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জিজি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড, এম/এস এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এবং অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হলে লাইসেন্স প্রত্যাহার করা এই রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ ওঠে। সে সময় তাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মানবপাচার মামলা করা হয়। সেই মামলায় ৪৯টি এজেন্সির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তারই পরিপ্রেক্ষিতে এই ৪৯টি লাইসেন্স প্রত্যাহার করল মন্ত্রণালয়।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে