
বাড়িতে বিষধর সাপের উপদ্রব থেকে মুক্তির আশায় মানত করে ‘পদ্মা পুরাণ’ গানের আসর বসিয়েছিল একটি পরিবার। তবে অনুষ্ঠান চলাকালে ফেসবুক লাইভে এসে শিল্পীদের পোশাক, সাজসজ্জা ও পরিবেশনা নিয়ে আপত্তি তুলে বাধা দেন স্থানীয় এক কনটেন্ট ক্রিয়েটর। তাঁর বাধার মুখে শুক্রবার (২৮ আগস্ট) রাতে আসরটি বন্ধ হয়ে যায় বলে আয়োজকদের অভিযোগ।
ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের প্রয়াত আকরাম হোসেনের বাড়িতে। প্রায় দেড় বছর আগে পরিবারের পক্ষ থেকে মানত করার পর গত শুক্রবার সন্ধ্যায় সেখানে শত বছরের ঐতিহ্যবাহী ‘পদ্মা পুরাণ’ গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে বাড়িতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর তারাগুনিয়া এলাকার শরীফুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন। পরে তিনি সরাসরি আসরে গিয়ে ফেসবুক লাইভ শুরু করেন। লাইভে শিল্পীদের পোশাক, সাজসজ্জা, লিঙ্গ ও ধর্ম নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দর্শকদের সঙ্গেও অসম্মানজনক আচরণ করার অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাঁর বাধার মুখে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।
আয়োজক ও প্রয়াত আকরাম হোসেনের স্ত্রী মুন্নি খাতুন বলেন, ‘সাপের উপদ্রব থেকে মুক্তি পেতে বিশ্বাস ও ঐতিহ্য মেনে নিজ বাড়িতে এই আসর বসিয়েছিলাম। কিন্তু সংস্কৃতির নামে ধর্মীয় অবমাননা ও কুসংস্কার ছড়ানোর ভিত্তিহীন অভিযোগ তুলে শরীফুল এসে বাধা দেন। তাঁর বাধার মুখে রাতের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।’
কনটেন্ট ক্রিয়েটর শরীফুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘আগের মতো পদ্মা নাচ এখন আর হয় না। পুরুষ মানুষকে নারী সাজিয়ে উগ্র অঙ্গভঙ্গি করা হচ্ছিল, যা থেকে অসামাজিক কাজের শঙ্কা তৈরি হয়। একজন মুসলিম হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি, তাই বাধা দিয়েছি।’
স্থানীয় প্রবীণ বাসিন্দা কালু হোসেন বলেন, ‘আমার জন্মের পর থেকেই এলাকায় এ ধরনের গানের আসর বসতে দেখে আসছি। এভাবে ব্যক্তিগত উদ্যোগে জোর করে শত বছরের একটি ঐতিহ্য বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।’
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তাইফুর রহমান বলেন, ‘আমাদের সমৃদ্ধ লোকসংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। তার ওপর এমন অযাচিত হস্তক্ষেপ গ্রামীণ সংস্কৃতির অস্তিত্বকেই হুমকিতে ফেলে দেয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি দৌলতপুর উপজেলা প্রশাসন খতিয়ে দেখবে।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগ তোলা হলেও আমাদের প্রাথমিক অনুসন্ধানে তেমন কোনো উপাদান মেলেনি। কোনো সাংস্কৃতিক আয়োজন সমাজ বা কারও ক্ষতি না করলে সেখানে ব্যক্তিগতভাবে বাধা দেওয়ার অধিকার কারও নেই। অভিযুক্ত ব্যক্তির কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হবে। তদন্তে প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, দৌলতপুরে এর আগে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সহিংসতার কয়েকটি ঘটনা ঘটেছে। গত ১১ এপ্রিল ফিলিপনগর ইউনিয়নের একটি দরবারের প্রধানকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। এর এক মাসেরও কম সময়ের মধ্যে ৯ মে মথুরাপুর এলাকার হজরত শাহ রউফ (রহ.) মাজারের খাদেমের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া ২০২২ সালের নভেম্বরের শুরুতে লাউবাড়িয়া গ্রামে বাউলদের একটি সাধুসঙ্গেও হামলার ঘটনা ঘটেছিল।
.png)

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-এ প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দেওয়া হলেও স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রে মৌলিক ঘাটতি রয়ে গেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১ ঘণ্টা আগে
নাটোরের সিংড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ৬০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সিংড়া বাজারের চালপট্টিতে বিপ্লব নামের এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
সাভারে মাদ্রাসাছাত্র বলাৎকারের মামলায় অভিযুক্ত মাদ্রাসায় অভিযান চালিয়েছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব শাহীবাগ এলাকায় মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েও কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
১ ঘণ্টা আগে
গত আগস্ট মাসে দেশে মব সহিংসতায় ২৮ জন এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতায় ৭ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
১ ঘণ্টা আগে