মার্কিন বিশেষ দূতের কাছে স্বদেশে ফেরার দাবি রোহিঙ্গাদের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
উখিয়া

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২২: ৪৮
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের কাছে স্বদেশে ফেরার দাবি জানিয়েছেন শরণার্থীরা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ার ৪ নম্বর ক্যাম্প, ৮ ওয়েস্ট এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। এ সময় তাঁর গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা।

কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা ক্যাম্পে অনিশ্চিত জীবন কাটাচ্ছি। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত আমরা স্বদেশে ফিরতে চাই। শরণার্থীর জীবন চাই না।’

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সংগঠক সৈয়দ উল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, কিন্তু কোনো মানুষ চিরকাল নিজের দেশ ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিয়ে আমাদের নিরাপদ প্রত্যাবাসন করতে হবে।’

তিনি আরও জানান, প্রত্যাবাসনে অবশ্যই রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা ও আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা এবং সিদ্ধান্ত গ্রহণে রোহিঙ্গাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সার্জিও গরের গাড়িবহরের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গা শরণার্থীরা। সংগৃহীত ছবি
সার্জিও গরের গাড়িবহরের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গা শরণার্থীরা। সংগৃহীত ছবি

এর আগে দুপুর ১২টায় গরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। পরে উখিয়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পরিদর্শন করে এবং ক্যাম্প সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে অংশ নেন। ১৪ সদস্যের এই উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সার্জিও গর প্রতিশ্রুতি দিয়েছেন অতীতের মতো ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তার পরিমাণ অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর আশার সঞ্চার করেছে।’

আরআরআরসি কমিশনার জানান, ১৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তাঁরা মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তাঁর বাংলাদেশ সফর শেষ করার কথা রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত