ডেঙ্গুতে মৃত্যুর শীর্ষে ঢাকা বিভাগ, অর্ধেকই দক্ষিণ সিটির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২৩: ৫৬
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন, যার মধ্যে ১৫ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের ২২ জন মৃতের মধ্যে ২১ জনই ঢাকা সিটি করপোরেশনের বাসিন্দা। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ জন। অন্যদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ ছাড়া খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৫ জন করে এবং রাজশাহী ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাতেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৫ হাজার ২৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ বরিশাল বিভাগে ৩ হাজার ১৬৩ জন, এরপর চট্টগ্রামে ২ হাজার ৪৪০ জন, খুলনায় ১ হাজার ৮৩৪ জন, ময়মনসিংহে ৫৭২ জন, রাজশাহীতে ৫০৪ জন এবং রংপুরে ২৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। চলতি বছর এ বিভাগে এখন পর্যন্ত ৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

গত বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে ঢাকা দক্ষিণ সিটিতে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭ জন, যা অন্যান্য বিভাগ ও দুই সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চ ছিল।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান এই পরিসংখ্যানের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ডিএসসিসি এলাকায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, এই বিষয়টি পুরোপুরি সঠিক নয়। কারণ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে অনেক রোগী ডিএসসিসির আওতাধীন হাসপাতালে ভর্তি হন। এসব রোগী হাসপাতালে মারা গেলে তা ডিএসসিসির পরিসংখ্যানে যুক্ত হয়।’

তিনি আরও বলেন, ‘আমার জানামতে, শুধু যাত্রাবাড়ী এলাকার একজন বাসিন্দা ডেঙ্গুতে মারা গেছেন। বাকি যারা মারা গেছেন, তারা অধিকাংশ ঢাকা দক্ষিণ সিটি এলাকার স্থায়ী বাসিন্দা নন।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগস্টের প্রথম সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। সেই প্রকোপ ঢাকার বাইরে অন্যান্য জেলা শহরে ব্যাপক আকারে দেখা যেতে পারে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত