সিন্ডিকেটমুক্ত হবে জ্বালানি খাত: ইশরাক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্যার জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সংগৃহীত ছবি

জ্বালানি খাতকে মাফিয়া ও সিন্ডিকেটমুক্ত করতে সরকার নতুন নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকজন মানুষ বা কোম্পানির জন্য নয়, বরং দেশ ও জনগণের স্বার্থে জ্বালানি নীতি প্রণয়ন হচ্ছে, যা আগামী সংসদে উত্থাপন হবে।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, ‘জ্বালানি খাত কয়েকজন মাফিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল এবং কুইক রেন্টাল কোম্পানির মাধ্যমে বিপুল অর্থ পাচার হয়েছে। তাদের বিচার বন্ধ করতে ইমিউনিটি জারি হয়েছিল।’

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য নিয়ে তিনি বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে জটিল রোগ বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন এবং যত্রতত্র প্লাস্টিকজাতীয় ময়লা না ফেলার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মক্ষম করতে তাঁর মন্ত্রণালয় কাজ করবে।

ইশরাক হোসেন দাবি করেন, ‘২০১৪-এর পর জামায়াত-শিবিরকে আন্দোলনে দেখা যায়নি। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তারা গা বাঁচিয়ে বিএনপির সঙ্গে ছিল। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরাই গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪৮ নেতাকর্মী শহীদ হয়েছেন।’

তিনি আরও দাবি করেন, জামায়াত-শিবিরের বর্তমান অনেক নেতা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থেকে ছাত্রদলের ওপর অত্যাচার চালিয়েছিলেন।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত