গবেষণার মান রক্ষায় অভিন্ন নীতিমালা করছে ইউজিসির
স্ট্রিম প্রতিবেদক

দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় চৌর্যবৃত্তি প্রতিরোধে অভিন্ন নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। খসড়া নীতিমালা চূড়ান্ত করার অংশ হিসেবে ১৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের নিয়ে অংশীজন সংলাপ করেছে কমিশন।
রোববার (৬ সেপ্টেম্বর) ইউজিসি ভবনে আয়োজিত এ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে গবেষণায় চৌর্যবৃত্তি প্রতিরোধে নীতিমালা অনুসরণ করা হলেও অনেক বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। এমন বাস্তবতায় সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অভিন্ন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো চাইলে এটি সরাসরি অনুসরণ করতে পারে, কিংবা এর ওপর ভিত্তি করে নিজস্ব নীতিমালা প্রণয়ন করতে পারে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা বজায় থাকবে।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, সংলাপ ও সেমিনার থেকে পাওয়া সুপারিশগুলো খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনীয় সংশোধন শেষে কমিশন সভায় উপস্থাপন করে তা চূড়ান্ত করা হবে এবং বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে।
সংশ্লিষ্ট অংশীজন সংলাপে প্রস্তাবিত নীতিমালার পটভূমি, চৌর্যবৃত্তির সংজ্ঞা, শনাক্তকরণ, তদন্ত, দায় নির্ধারণ ও শাস্তির বিধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দেন অংশীজনেরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য অধ্যাপক মাছুমা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক মো. আসলাম হোসেন ও অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী। খসড়া নীতিমালার বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসির উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহ ও সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ।
.png)






