১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেবে সরকার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেবে সরকার। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শুরুর আগে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সেরা শিক্ষক নির্বাচনের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।
তিনি বলেন, আগে ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। তবে পুরস্কারের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বাছাই করা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে তিনি জানান, ২০১৬ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষকদের নিজেদের কন্ট্রিবিউশনের বকেয়ার অংশ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রদেয় বাকি অনুদানের অর্থও ক্রমান্বয়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে হারে সুবিধা পাবেন, শিক্ষকরাও সেই অনুপাতে সুবিধা পাবেন।
.png)






