দেশ আন্দোলনের ওপর থাকলে উন্নয়ন হবে না: এ্যানি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৮: ২৯
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় মতবিনিময় সভায় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় মতবিনিময় সভায় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিরোধীদল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বলে অভিযোগ পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির। তিনি বলেন, বিরোধীদল লংমার্চ দিয়েছে, আরও আন্দোলন করবে বলছে। দেশটা যদি আন্দোলনের ওপরে থাকে, উন্নয়ন হবে না। এই আন্দোলন যেমন এলাকার জন্য, তেমনি দেশের জন্যও ক্ষতি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল। পরে ১৭ বছরে দেশের ১২টা বাজিয়েছেন।

এ্যানি বলেন, এখন বিরোধীদল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্বল হয়ে যাবেন। মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবেন। সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না। এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেক পক্ষ ভোট করেছে, তারা বিরোধীদল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হননি। আমাদের সহযোগিতাও করেননি। এখন পর্যন্ত তারা বলছে, আন্দোলন করবে।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ১৭ বছর। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো– এটিকে সুরক্ষা করা। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগিতা লাগবে।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া, চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত