দূতের মাধ্যমে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২০: ৩৩
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ভিডিও থেকে নেওয়া ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

জয়সোয়াল বলেন, ‘বৈঠকে আমরা দ্বিপক্ষীয় সফর এবং দিল্লিতে হতে যাওয়া ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। পরে এ বিষয়ে আপডেট জানানো হবে।’

তবে তারেক রহমান ব্রিকস আউটরিচ সেশনে অংশ নেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ভারত দুটি পৃথক আমন্ত্রণ দিয়েছে।

এর একটি হলো প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বঙ্গোপসাগরীয় আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এই দুই আমন্ত্রণকে এক করে দেখার সুযোগ নেই। কারণ ব্রিকসের আমন্ত্রণ বিমসটেক চেয়ার হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়েছে, এককভাবে তারেক রহমানকে নয়।

সফরের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘আমি তো জ্যোতিষী নই। তাই ঠিক কোন দিনে সফর হবে, তা আগাম বলতে পারছি না।’

অন্যদিকে বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে (প্রত্যর্পণ) অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। এ নিয়ে রণধীর জয়সোয়াল জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। এ সংক্রান্ত নতুন তথ্য এলে তা পরে জানানো হবে।

বৈঠকে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান।

রণধীর জানান, এটিও আইনি বিষয় এবং বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তথ্যসূত্র: ফার্স্টপোস্ট

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত