কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, নিখোঁজ ২৭০০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ধ্বংসস্তূপের মধ্যে স্বজনদের খুঁজছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: এক্স থেকে নেওয়া

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। ১ হাজার ৬০০ ভবন ধ্বংস হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের পর অন্তত ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিশেষ করে কালি, কুইবদো এবং পেরেইরা শহরে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। নিখোঁজ স্বজনদের খোঁজে সাধারণ মানুষ অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে তথ্য পোস্ট করছেন।

সোমবার (১০ আগস্ট) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। এরপর কয়েক ঘণ্টায় অন্তত ২১টি ‘আফটারশক’ অনুভূত হয়।

কুইবদোর স্থানীয় কর্মকর্তা জেনি রিভাস জানান, সেখানে জনসেবা এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে।

পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার রাতে কুইবদো সফর করেন প্রেসিডেন্ট অ্যাবেলফোর্ড দে লা এস্প্রিয়েল্লা।

পেরেইরা শহরের পোশাক কারখানার মালিক মনিকা সানচেজ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক—আমাদের চারপাশে পুরো শহর ভেঙে পড়ছিল।’ তিনি জানান, কারখানার অভ্যন্তরীণ দেওয়াল ধসে পড়ার ঠিক আগের মুহূর্তে তিনি ও তাঁর ১২ কর্মী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

পেরেইরা শহরের টাটু শিল্পী আন্দ্রেস হার্নান্দেজ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, আফটারশকে আরও ভবন ধসে পড়ার আশঙ্কায় তিনি রাতে ঘুমাতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, ‘এটি এই সিনেমার দৃশ্যের মতো ছিল। আমি দেখেছি বিদ্যুতের খুঁটি, ক্যাবলসহ সবকিছু কাঁপছে।’

কলম্বিয়ান জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্প চলতি শতাব্দীতে দেশটিতে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ১৫ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এল সালভাদর, মেক্সিকো, চিলি, ইসরায়েল, ইকুয়েডর, ফ্রান্সসহ বিভিন্ন দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে।

গত জুনের শেষের দিকে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং শত শত ভবন ধসে পড়ে।

তথ্যসূত্র: এবিসি নিউজ

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত