রাষ্ট্রপতি নির্বাচন

ভোট দিলেন সরকার ও বিরোধীদলীয় এমপিরা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভোট দেন সংসদ সদস্যরা। সংগৃহীত ছবি
বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভোট দেন সংসদ সদস্যরা। সংগৃহীত ছবি

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোট গ্রহণ শুরু হয়।

ভোটের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সব সংসদ সদস্যের কাছে ভোটের কার্যক্রম তুলে ধরেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারদলীয় সংসদ সদস্যরা ভোট দিতে থাকেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভোট দেওয়া শুরু করেন বিরোধীদলীয় নেতা ও উপনেতাসহ ১১-দলীয় ঐক্যের সংসদ সদস্যরা।

ভোটের শুরুতে নির্বাচনী সহায়ক কর্মকর্তাদের সাহায্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও তার ভোট প্রদান করেন। কায়সার কামালের পর ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে হাত মেলান। এ সময় সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট প্রদান শেষে সরকারদলীয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংসদ সদস্যরা একে একে ভোট দিতে থাকেন।

ভোট দিলেন বিরোধীদলীয় নেতা-উপনেতাসহ এমপিরা

বিকেল সাড়ে ৩টার দিকে ভোট দেওয়া শুরু করেন বিরোধীদলীয় নেতা ও উপনেতাসহ ১১-দলীয় ঐক্যের সংসদ সদস্যরা।

ভোটের নির্বাচনী সহায়ক কর্মকর্তাদের সাহায্যে ভোট দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর ভোট দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের। তাদের ভোট প্রদান শেষে বিরোধীদলীয় সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা তাদের ভোট প্রদান করেন।

বিকেল ৫টা পর্যন্ত ভোট দেন সংসদ সদস্যরা।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে শুরু হয় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করে গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি তফসিল ঘোষণা করলে প্রার্থী ঘোষণা করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। ঘোষিত তফসিল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত