নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা: ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নাটোর

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২২: ১৫
নাটোরের সদ্য সাবেক ডিসি আসমা শাহীন ও লালপুর উপজেলার  ইউএনও মো. বরকত উল্লাহ। সংগৃহীত ছবি
নাটোরের সদ্য সাবেক ডিসি আসমা শাহীন ও লালপুর উপজেলার ইউএনও মো. বরকত উল্লাহ। সংগৃহীত ছবি

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ইউএনও কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনার জেরে অভিযোগ দায়েরের একদিন পরই এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডিসি আসমা শাহীনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনার পাঁচ দিন পর সোমবার (১৭ আগস্ট) লালপুর ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু মাসুদ রানা এবং বাগাতিপাড়ার প্রশাসনিক কর্মকর্তা মো. শুকুর আলী থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। এতে লালপুরে ১৮ ও বাগাতিপাড়ায় ৭ জনের নামসহ আরও ১৫০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম অভিযোগে ঢালাওভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, সরকারি কার্যালয়ে হামলা বা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের ঘটনায় যারা প্রকৃতভাবে জড়িত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক আব্দুস সামাদ শিশির সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কর্মকর্তাদের বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, ইউএনও কার্যালয়ে হামলার ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরই ডিসি ও ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগেই যদি কর্মকর্তাদের বদলি করা হয়ে থাকে, তাহলে তা আইনের শাসনের জন্য উদ্বেগজনক।

তবে কর্মকর্তাদের বদলির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা: ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি