সাতক্ষীরায় ‘ভুল’ অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগ, ভাঙচুর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাতক্ষীরা

ভুল অস্ত্রোপচারে এক রোগীর মৃত্যুর অভিযোগ ‘তালা সার্জিক্যাল ক্লিনিকে’ ভাঙচুরের চেষ্টা। ছবি: সংগৃহীত
ভুল অস্ত্রোপচারে এক রোগীর মৃত্যুর অভিযোগ ‘তালা সার্জিক্যাল ক্লিনিকে’ ভাঙচুরের চেষ্টা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় ভুল অস্ত্রোপচারে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার উপজেলার তালা সার্জিক্যাল ক্লিনিকে ভাঙচুর চালায় রোগীর স্বজনেরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা পাইকগাছা সড়কের তালা বাজার-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া রোগীর নাম সাধন বিশ্বাস। তিনি খুলনার পাইকগাছার মাহামুদকাটি গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে। তৃতীয় দফা অস্ত্রোপচারের পর তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছিল তালা সার্জিক্যাল ক্লিনিকে।

স্বজনদের অভিযোগ, ক্লিনিকটির মালিক বিধান চন্দ্র রায় তাদের পূর্বপরিচিত। মাসখানেক আগে সাধান বিশ্বাসের পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে সেখান ভর্তি হন। ওই সময় ক্লিনিক মালিক বিধান রায়ের পরামর্শে সাধন বিশ্বাসের অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করেন ডা. আব্দুর রহমান।

এর কিছুদিন পর অস্ত্রোপচারে ভুল হয়েছে বলে জানিয়ে ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করেন। পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তৃতীয়বার অস্ত্রোপচার করা হলে শুক্রবার দুপুরে সাধন বিশ্বাসের মৃত্যু হয়।

স্থানীয় জহর হোসেন সাগর বলেন, সাধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় লাশ নিয়ে স্বজন ও স্থানীয়রা ক্লিনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং ক্লিনিক ভাঙচুর করে। এ সময় তোপের মুখে পড়ে ক্লিনিক মালিক বিধান চন্দ্র রায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বলেন, এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্লিনিকের সামনে কিছু লোকজন জড়ো হয়েছিল। তবে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে তালা সার্জিক্যাল ক্লিনিকে মালিক বিধান চন্দ্র রায়কে কল দিলেও তিনি তা ধরেননি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত