
লেখক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকা থেকে ছেলেটি নিখোঁজ হয়। নিখোঁজ অপ্রতিমের পরনে ছিল পাঞ্জাবি। কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেলে দ্রুত স্থানীয় থানা অথবা টোল-ফ্রি নম্বর ১৩২১৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে ফেসবুক পোস্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদ লেখেন, ‘ছেলেকে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে। ও কি বেঁচে আছে?’ অপ্রতিমের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাহিদা নাহিদ। যোগাযোগ নম্বর—০১৯৭৪৮৮৮৬৬৫।
নাহিদা নাহিদ সামাজিক মাধ্যমে আরও জানান, অপ্রতিম তাঁর আইফোন লুকিয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার পর শুক্রবার রাতেই অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ‘দুপুর আড়াইটার দিকে তাকে রিকশায় বন্ধুদের সঙ্গে আইসক্রিম খেতে দেখা গিয়েছিল। এরপর নিখোঁজ শিশুর ফোন ট্র্যাক করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাসার পার্শ্ববর্তী গন্ধমতী এলাকায় অবস্থান শনাক্ত করা গেছে।’
শনিবার সকালে ওসি আরও জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ যাচাই করছে এবং সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হচ্ছে।
.png)






