মাদারীপুরে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৫ শিক্ষার্থী আহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাদারীপুর

ককটেল বিস্ফোরণে আহত মাদ্রাসার ছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংগৃহীত ছবি

মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে।

আহতরা হলো- কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) ও আরিফ সরদারের মেয়ে সুলতানা (১১)। তাদের মধ্যে আবিদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে ৯টার দিকে মাদ্রাসার পাশের একটি ঘরের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এ সময় মাদ্রাসার বাইরে থাকা পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অখিল সরকার বলেন, আহত চার শিক্ষার্থীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তার হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।

কালকিনিতে ককটেল বিস্ফোরণস্থলে উপস্থিত পুলিশ ও র‌্যাব সদস্যরা। সংগৃহীত ছবি
কালকিনিতে ককটেল বিস্ফোরণস্থলে উপস্থিত পুলিশ ও র‌্যাব সদস্যরা। সংগৃহীত ছবি

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, গোপালপুরে ইমন সরদারের বাড়ি ভাড়া নিয়ে হাফিজুল রহমান ও তাঁর স্ত্রী জান্নাত বেগম মহিলা মাদ্রাসাটি পরিচালনা করেন। মাদ্রাসার দুই ছাত্রী শুক্রবার ইমন সরদারের বসতঘরের সামনে হলুদ স্কচটেপ প্যাঁচানো বল সদৃশ দুটি বস্তু দেখতে পায়। শনিবার সকালে সেখানে বিস্ফোরণ হয়।

বাড়ির মালিক ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে হাতবোমা বিস্ফোরিত হলো, জানি না।’

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, মাদ্রাসা এলাকায় হঠাৎ বোমা বিস্ফোরণে সবাই আতঙ্কিত। কীভাবে ঘটেছে, কিছুই বুঝতে পারছেন না তারা।

কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাদ্রাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

মাদারীপুরে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৫ শিক্ষার্থী আহত