ডেঙ্গু জনসচেতনতায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় সরকার
স্ট্রিম প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, সরকারি প্রচারের বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করতে চায় মন্ত্রণালয়। এ উপলক্ষে আগামী তিন মাসের জন্য ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং স্যালাইনের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি হাসপাতালে শয্যা প্রস্তুত রাখার কাজ চলছে। তবে শুধু চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মানুষকে সচেতন করে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কনটেন্ট ক্রিয়েটররা ভূমিকা রাখতে পারেন। বিষয়টিকে কেবল বাণিজ্যিক চুক্তি হিসেবে না দেখে সামাজিক দায়বদ্ধতা ও মানুষের জীবন রক্ষার তাগিদ থেকে সৃজনশীলভাবে দেখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা চূড়ান্ত হয়। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটর ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দ্রুত তাদের প্রাথমিক ধারণা ও রূপরেখা জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সামাজিক মাধ্যমে প্রচার শুরুর লক্ষ্য নির্ধারণ হয়েছে।
.png)


-40e58c.jpeg)



