ভুল করার ভয়ে আমরা কেন শুরুই করতে পারি না?
আমরা অনেকে ভুল করার ভয়ে এতটাই আতঙ্কিত থাকি যে, কোনো কাজ শুরু করার আগেই নিজেদের থামিয়ে দিই। ভাবি, ভুল হলে কী হবে, কাজটা ভালো না হলে কী হবে। এভাবেই অনেক স্বপ্ন শুরু হওয়ার আগেই থেমে যায়।

মাথায় দারুণ একটা ব্যবসার আইডিয়া এসেছে। দীর্ঘ বিরতির পর আবার রংতুলি হাতে নিয়েছেন। কিংবা অমলকান্তির মতো হতে চেয়েছেন রোদ্দুর। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নের কাজটাই আর শুরু করা হয়নি। ভাবুন তো, কতবার এমন হয়েছে? আঁকার খাতাটা ফাঁকাই পড়ে আছে, ব্যবসার পরিকল্পনা আটকে আছে ডায়েরির পাতায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, অমলকান্তিরা কেন রোদ্দুর হতে পারে না?
আমরা অনেকেই ভাবি, এর কারণ হয়তো অলসতা বা সময়ের অভাব। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, নতুন কোনো কাজ শুরু করতে না পারার পেছনে আরও জটিল কিছু কারণ থাকতে পারে। বিজ্ঞানীরা এর সঙ্গে ‘অ্যাটেলোফোবিয়া’ নামের একটি মানসিক প্রবণতার কথা বলেন। এটি হলো অসম্পূর্ণতা বা ভুল হওয়ার তীব্র ভয়।
আমরা অনেকে ভুল করার ভয়ে এতটাই আতঙ্কিত থাকি যে, কোনো কাজ শুরু করার আগেই নিজেদের থামিয়ে দিই। ভাবি, ভুল হলে কী হবে, কাজটা ভালো না হলে কী হবে। এভাবেই অনেক স্বপ্ন শুরু হওয়ার আগেই থেমে যায়।
কিন্তু কেন এমন হয়? আমাদের মস্তিষ্কই বা কেন এভাবে কাজ করে? কেন আমরা ‘ভুল’ শব্দটাকেই এত ভয় পাই?
মস্তিষ্কের আদিম সংকেত
ছোটবেলায় ‘হাও মাও খাও, মানুষের গন্ধ পাও’ ছড়াটি শুনে ‘আত্মারাম খাঁচাছাড়া’ হতো আমাদের অনেকেরই। মনে হতো, এই বুঝি বাঘ এল বলে!
জানলে অবাক হবেন, কোনো কাজ শুরু করার আগে আমাদের ভেতর যে ভয় তৈরি হয়, তার শিকড় রয়েছে মানবজাতির বিবর্তনের ইতিহাসে। লাখ লাখ বছর আগে আমাদের পূর্বপুরুষদের জন্য ‘ভুল’ করা ছিল জীবন-মরণের প্রশ্ন। তাই আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে, যাতে বিপদ বা ঝুঁকি দেখলেই আমাদের সতর্ক করে দেয়। মস্তিষ্কের ‘অ্যামিগডালা’ নামের অংশটি এই ভয় বা বিপদের সংকেত দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আধুনিক যুগে মানুষের সেই ভয় হয়তো নেই। কিন্তু সামাজিক লজ্জা, ব্যর্থতা বা প্রত্যাখ্যানের মতো বিষয়ও আমাদের মধ্যে তীব্র চাপ বা হুমকির অনুভূতি তৈরি করতে পারে। তাই যখনই আমরা নতুন কিছু শুরু করতে যাই, মস্তিষ্কে প্রশ্ন জাগে, ‘যদি ভুল হয়? যদি সবাই হাসাহাসি করে?’ এই ভয় শরীরে ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তখন আমরা হয় কাজটি থেকে পালিয়ে যাই, নয়তো ভয়ের চোটে একেবারেই এগোতে পারি না।
সাইকোলজিস্টদের মতে, আমাদের এই ‘শুরু করতে না পারা’ সবসময় অলসতার কারণে হয় না। অনেক সময় এটি মস্তিষ্কের স্বাভাবিক আত্মরক্ষামূলক প্রতিক্রিয়ার অংশ।
পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার ‘ফাঁদ’
ভুল করার ভয়ে কোনো কাজ শুরু করতে না পারার পেছনে ‘পারফেকশনিজম’ বা সবকিছু নিখুঁত করার প্রবণতা বড় বাধা হিসেবে কাজ করে। বিখ্যাত মনোবিজ্ঞানী ও গবেষক ড. ব্রিনে ব্রাউন তাঁর গবেষণায় দেখিয়েছেন যে, পারফেকশনিজম আর উৎকর্ষের চেষ্টা এক নয়; নিখুঁত হওয়ার অতিরিক্ত চাপ অনেক সময় মানুষকে কাজ শুরু করা থেকেই পিছিয়ে দিতে পারে।
আমরা মনে করি, যদি আমি নিখুঁত হতে পারি, তাহলে কেউ আমার কোনো ভুল ধরতে পারবে না বা সমালোচনা করতে পারবে না।
‘যখন সবকিছু ঠিক থাকবে, তখনই কাজটা শুরু করব’—এই মাইন্ডসেটের কারণে আমরা প্রায়ই সঠিক সময় বা পরিস্থিতির জন্য অপেক্ষা করি। কিন্তু আসলেই কি সঠিক সময় বা পরিস্থিতি বলে কিছু আছে?
এই মাইন্ডসেটকে বলা হয় ‘অল অর নাথিং’ চিন্তাধারা। অর্থাৎ, হয় কাজটা দুর্দান্ত হবে, নয়তো আমি করবই না। এই মানসিকতা আমাদের কাজ থেকে দূরে রাখে। আমরা ভুলে যাই, পৃথিবীর কোনো মাস্টারপিসই প্রথম চেষ্টায় নিখুঁত ছিল না। ভুলের ভয়ে আমরা ‘মোটামুটি ভালো’ কাজটুকুও করতে পারি না। অথচ শুরু না করার চেয়ে মোটামুটি ভালোভাবে শুরু করাও অনেক ভালো।
স্পটলাইট এফেক্ট: সবাই আমার দিকেই তাকিয়ে আছে
আমরা অনেকেই মনে করি, আমি যদি কোনো ভুল করি, তাহলে সবাই সেটা দেখবে এবং মনে রাখবে। মনোবিজ্ঞানে একে বলা হয় ‘স্পটলাইট এফেক্ট’। কর্নেল ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী টম গিলভিচ ও তাঁর দল এ নিয়ে একটি বিখ্যাত গবেষণা করেছিলেন। সেখানে কিছু ছাত্রছাত্রীকে অদ্ভুত ও হাস্যকর টি-শার্ট পরিয়ে ক্লাসে পাঠানো হয়। ওই ছাত্রছাত্রীরা ভেবেছিল, ক্লাসের অন্তত ৫০ শতাংশ মানুষ তাদের এই অদ্ভুত পোশাক খেয়াল করবে। কিন্তু বাস্তবে প্রায় ২৩ শতাংশ মানুষ সেটা খেয়াল করেছিল।
এই গবেষণা দেখায়, আমরা অনেক সময় ধরে নিই, অন্যরা আমাদের যতটা লক্ষ্য করছে, বাস্তবে তারা ততটা করে না। মানুষ নিজের জীবন ও সমস্যা নিয়ে এতই ব্যস্ত যে, আপনার ছোটখাটো ভুল বা ব্যর্থতা নিয়ে তাদের ভাবার সময়ই থাকে না। কিন্তু এই কল্পিত ‘লোকলজ্জা’র ভয়ে আমরা প্রায়ই নিজেদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টাটুকুও করি না।
ফিক্সড মাইন্ডসেট বনাম গ্রোথ মাইন্ডসেট
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের বিখ্যাত ‘মাইন্ডসেট’ তত্ত্ব এখানে খুবই প্রাসঙ্গিক। তিনি মানুষের মানসিকতাকে দুটি ভাগে ব্যাখ্যা করেছেন। একদলের আছে ‘ফিক্সড মাইন্ডসেট’ বা স্থির মানসিকতা, আর অন্যদলের আছে ‘গ্রোথ মাইন্ডসেট’ বা বিকাশের মানসিকতা। যাদের ফিক্সড মাইন্ডসেট, তারা মনে করেন মেধা বা যোগ্যতা জন্মগত এবং অনেকটাই স্থির। তাই তারা যখন কোনো ভুল করেন, তখন ভাবেন—আমি জন্মগতভাবেই এমন। আমি আসলে যোগ্য নই বা আমি ব্যর্থ। তাদের কাছে ভুল মানেই নিজের অক্ষমতার প্রমাণ। এই ভয়েই তারা নতুন চ্যালেঞ্জ নিতে চান না।
অন্যদিকে, গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করেন, ভুল শেখার একটি অংশ। তারা ভুলকে ‘ব্যর্থতা’ হিসেবে দেখেন না, বরং শেখার সুযোগ হিসেবে দেখেন। একটি শিশু যখন হাঁটতে শেখে, সে শতবার পড়ে যায়। কিন্তু সে কি তখন ভাবে, ‘হাঁটা আমার কাজ নয়’? না, সে আবার উঠে দাঁড়ায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের মানসিকতা কিছু মানুষের মধ্যে দুর্বল হয়ে যেতে পারে, আর তখন ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা কাজ শুরু করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
এই ভুল করার ভয় থেকেই জন্ম নিতে পারে অতিরিক্ত চিন্তাভাবনা বা ‘ওভারথিংকিং’। আমরা কাজ শুরু করার আগে এত বেশি পরিকল্পনা করি, এত বেশি তথ্য সংগ্রহ করি এবং ভবিষ্যতে কী হতে পারে তা নিয়ে এত ভাবি যে, শেষ পর্যন্ত আর কাজটাই করা হয় না। একে বলা হয় ‘প্যারালাইসিস বাই অ্যানালাইসিস’। আমরা ভুল এড়াতে গিয়ে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। কিন্তু বাস্তবতা হলো, সঠিক সময় বলে কিছু নেই। আপনি যতক্ষণ না পানিতে নামবেন, ততক্ষণ সাঁতার শিখবেন না। তীরে দাঁড়িয়ে সাঁতারের বই পড়লে কেউ সাঁতারু হতে পারে না।
ভুল করার ভয় পাওয়া স্বাভাবিক। এই ভয়ও বহুদিন ধরে মানুষের আচরণের সঙ্গে জড়িয়ে আছে। তাই আপনি যখনই কোনো কিছু শুরু করতে গিয়ে থমকে যাবেন, নিজেকে মনে করিয়ে দেবেন—ভুল হতে পারে, কিন্তু চেষ্টা না করলে কিছুই বদলাবে না। আর সেই ভুলগুলোই প্রমাণ করবে যে আপনি অন্তত চেষ্টা করেছিলেন।
.png)
-40e58c.jpeg)










-b52d51.jpeg)
-028855-256x144.webp)