রাবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে দুই বিভাগের সংঘর্ষ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে টাইব্রেকারে ইতিহাস বিভাগের জয়ের পর স্লেজিং ও উদযাপনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বিকেল ৩টায় ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের মধ্যকার ম্যাচ শুরু হয়। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইতিহাস বিভাগ জয় পেলে দুই বিভাগের দর্শকদের মধ্যে স্লেজিংকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দুই বিভাগের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাফসান আলম বলেন, পুরো ম্যাচজুড়েই ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের খেলোয়াড়রা স্লেজিং ও আক্রমণাত্মক আচরণ করছিল। ম্যাচ জয়ের পর আমরা স্বাভাবিকভাবে উদযাপন করছিলাম। তখন তাদের গোলরক্ষক ও অধিনায়ক আমাদের এক খেলোয়াড়কে মারধর করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

অন্যদিকে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান জামান বলেন, ম্যাচটি ১-১ গোলে শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউট হয়। তখন গ্যালারি থেকে স্লেজিং চলছিল। ইতিহাস বিভাগ পেনাল্টিতে জয়ের পর গ্যালারি থেকে আমাদের গোলরক্ষককে ইট মেরে আহত করে। গোলরক্ষক বিষয়টি দেখালে ইতিহাস বিভাগের কয়েকজন খেলোয়াড় তার দিকে তেড়ে আসে। এরপর দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়।

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম বলেন, খেলাটি শুরু থেকে সুন্দরভাবেই চলছিল। টাইব্রেকারে ইতিহাস বিভাগ জেতার পর একপর্যায়ে মারামারি হয়। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। আমরা দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত