
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে এই অভিযান শুরু হয়। এ সময় বিভিন্ন দিক থেকে সদস্যদের জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করতে দেখা গেছে।
বিকেল ৫টার দিকে এই তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল বলেন, ‘বিকেল ৪টা থেকে অভিযান চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।’
অভিযানের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে এএসপি মোহাম্মদ রাসেল বলেন, অপরাধীদের গ্রেপ্তার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে পুলিশ, এসআরবি (সাবেক র্যাব), বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অভিযান চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে ৯ মার্চ জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। এতে সেনাবাহিনী, তৎকালীন র্যাব ও পুলিশসহ সাড়ে ৩ হাজার সদস্যের অংশগ্রহণে ওই দিন বিকাল ৩টা পর্যন্ত চালানো অভিযানে ১২ জনকে আটক করে। এতে বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলেও জানান চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. রাসেল।
অভিযানের পর ৩১ মে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত ৯ মার্চ যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরে সিসিটিভি ক্যামেরা ও পাহারার মাধ্যমে সন্ত্রাসীরা যে সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলেছিল, তা ভেঙে দেওয়া হয়। তবে তথ্য ফাঁসের কারণে কিছু ক্ষেত্রে অভিযানের মূল লক্ষ্য শতভাগ অর্জন করা সম্ভব হয়নি।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। একই সময়ে আহত হন তিন র্যাব সদস্য। এ ঘটনায় ২৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে মামলা হয়। এছাড়া গত ২৪ মে গভীর রাতে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। তৎকালীন র্যা সদস্যদের সঙ্গে ওই সময় প্রায় ২ ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ও হয়।
.png)


-40e58c.jpeg)



