বরিশালে আদালত চত্বরের প্রবেশমুখে ‘ককটেল’ বিস্ফোরণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
বরিশাল

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৩: ১৯
ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করেন। স্ট্রিম ছবি

বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরের প্রবেশমুখে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী আমিনুল ইসলাম সোহাগ জানান, সকাল সাড়ে ১০টার দিকে মামলা পরিচালনার জন্য তিনি আদালতে ঢুকছিলেন। ঠিক তখনই প্রবেশমুখে পড়ে থাকা একটি ব্যাগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ঘটনাস্থল থেকে অল্প দূরেই পুলিশের একটি চেকপোস্ট রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করেন। পাশে থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আদালত চত্বরে ককটেল জাতীয় একটি বস্তু রেখে যায় যা পরে বিস্ফোরিত হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। আগস্ট মাসকে ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত