নাহিদ রানাকে মিস করব: শান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত ছবি

দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হলেও সেটা নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বরং নাহিদ রানার অনুপস্থিতি তাঁকে ভাবাচ্ছে।

বুধবার (১২ আগষ্ট) মারারা ওভালে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়ে কন্ডিশন, একাদশ ও পরিকল্পনা নিয়ে কথা বলেন দুই দলের অধিনায়ক।

নাহিদ রানাকে না পাওয়াটাকে আনফরচুনেট উল্লেখ করে শান্ত বলেন, ‘রানাকে আমরা অবশ্যই মিস করব। তবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান পেস ইউনিট এই কন্ডিশনটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। লিটন দলে ধারাবাহিক পারফরমার, তিনি আসাতে আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়ছে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি শান্ত ডারউইনের উইকেট প্রসঙ্গে বলেন, ‘উইকেটে ঘাস আছে, আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য করবে। বোলাররা হয়তো একটু বেনিফিট পেতে পারে, তবে আমাদের চেষ্টা করতে হবে দুই বিভাগেই ভালো করার।’

প্রস্তুতি ম্যাচে দলের মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা দেখছেন না শান্ত, ‘এরকম খারাপ দিন আসতেই পারে। আমি বিশ্বাস করি, মূল টেস্টে এমন দিন আসবে না। আগামীকাল থেকে আসল লড়াই শুরু হবে। সেই চ্যালেঞ্জটার জন্য সবাই প্রস্তুত হচ্ছি।’

২৩ বছর আগে এই মারারা ওভাতেই টেস্ট খেলেছিলেন সাবেক ব্যাটসম্যান ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেই স্মৃতি ও বর্তমান দলের বিষয়ে শান্ত বলেন, ‘প্রধান নির্বাচক সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমাকে বলেছিলেন ২৩ বছর আগের মতো এই টিমটা এখন আর নেই। ম্যাচ ৩ দিন, ৪ দিন নাকি ৫ দিন যাবেতা নিয়ে আমরা না ভেবে; খেলোয়াড় হিসেবে সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে চাই।’

ম্যাচের আগের দিন অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন, মিচেল স্টার্কের সঙ্গে দলে জশ হ্যাজলউড ফিরলেও একাদশে জায়গা হয়নি স্কট বোল্যান্ডের।

ডারউইনের উইকেট নিয়ে অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘উইকেটটা দেখতে মনে পেস ও বাউন্স থাকবে যেটি সার্বিকভাবে ক্রিকেট উইকেটের লক্ষণ।গত বছর এখানে একটি ‘এ’ দলের ম্যাচ হয়েছিল, যেখানে দারুণ ব্যাটিং উইকেট দেখা গেছে।’

একাদশে বোল্যান্ডকে না রাখা প্রসঙ্গে কামিন্স জানান, ‘স্কটি এবং জশির মধ্যে কাকে নেওয়া হবে সে বিষয় নিয়ে বেশ চিন্তা করতে হয়েছে। তবে সামনে অনেক ম্যাচ থাকায় আমি মনে করি খুব শিগগির তাঁকে আবার মাঠে দেখা যাবে।’

ক্যামেরন গ্রিনকে ৫ নম্বরে রেখে ব্যাটিং অর্ডারে যে ভারসাম্য আনা হয়েছে, সেটাই আপাতত দলের সেরা কম্বিনেশন বলে দাবি কামিন্সের।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:

জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার ,মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত