বিএনপির নির্যাতিতদের জন্য বাজেটে বরাদ্দ চান প্রতিমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত

গত ১৭ বছর নির্যাতনের শিকার বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের জন্য বাজেটে বরাদ্দ চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

শামা ওবায়েদ বলেন, বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এই বরাদ্দকে স্বাগত জানাই। তবে বিগত ১৭ বছরে আমাদের তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। আমি তাদের জন্যও বাজেটে বরাদ্দ চাচ্ছি। এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে। তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেট কোনো দিবাস্বপ্ন নয়। এটি একটি বাস্তবভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট, যা বর্তমান সরকার সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে। গত ১৭ বছরে নানা প্রতিকূলতা, রাজনৈতিক নির্যাতন ও অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দেশের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করেছেন। প্রস্তাবিত বাজেট দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনারই প্রতিফলন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল বাজেটকে চ্যালেঞ্জিং ও দিবাস্বপ্ন আখ্যা দিলেও এটি বাস্তবসম্মত বাজেট। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে পুনরুদ্ধারে বর্তমান সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছে। একটি বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। এ বাজেট মানবিক, উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল এবং নারীবান্ধব।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত