১২ লাখ খাতা পুনর্মূল্যায়নের আবেদন, মন্ত্রী বললেন ‘কষ্টসাধ্য’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৮: ০৫
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এতগুলো খাতা পুনর্মূল্যায়ন অত্যন্ত কষ্টসাধ্য বিষয়।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ শীর্ষক কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ১২ লাখের অধিক খাতা পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়েছে। যা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তাই আমরা খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছি, যাতে কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা যাবে সেগুলোর আওতা নির্দিষ্ট করা যায়।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সবকটি বোর্ড মিলিয়ে এবার গড় পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ; যা গত ১৯ বছরে সর্বনিম্ন। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ আগস্ট থেকে ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারছেন, আবেদনের শেষ দিন আজ ১৭ আগস্ট।

এদিকে, ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোতেও টিভিইটির ওপর গুরুত্ব দিতে হবে।

‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আমাদের কিউএস রেটিংয়ের অবস্থান আরও উন্নত করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে। আমাদের দেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর অভাব নেই। এ দেশের শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো ফলাফল করছে। পাশাপাশি গবেষণা ক্ষেত্রেও বিশাল সাফল্য দেখিয়েছে। রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে তাদের দেশে এনে আমাদের সেই মেধাকে কাজে লাগাতে হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

১২ লাখ খাতা পুনর্মূল্যায়নের আবেদন, মন্ত্রী বললেন ‘কষ্টসাধ্য’