চলন্ত মোটরসাইকেলে দুহাত ছেড়ে ভিডিও বানাতে গিয়ে যুবক নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৮: ২৭
গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কন্টেন্ট ক্রিয়েটর শাওন মিয়া। সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতেন। এর আগে তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন মোটরসাইকেল চালিয়ে অন্যকে দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়তেন। আজ সকালেও তিনি ভিডিও তৈরি করছিলেন। দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

স্থানীয় বাসিন্দা রাহান খন্দকার বলেন, শাওন চলন্ত মোটরসাইকেলের দুই হ্যান্ডেল ছেড়ে ভিডিও বানাতেন। তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হতো। কিন্তু আজ দুর্ঘটনা ঘটে। সম্প্রতি বিদেশে থেকে বাড়ি ফিরে ভিডিও কন্টেন্ট তৈরি শুরু করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে শাওনের মরদেহ উদ্ধার থানায় আনা হয়। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

চলন্ত মোটরসাইকেলে দুহাত ছেড়ে ভিডিও বানাতে গিয়ে যুবক নিহত