রুশ বাহিনীর হয়ে যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত
স্ট্রিম সংবাদদাতাকিশোরগঞ্জ

রাশিয়ান সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সময় ড্রোন হামলায় রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রুশ সেনাবাহিনীতে একই ক্যাম্পে থাকা নিহতের এক বন্ধু পরিবারকে এই খবর জানিয়েছেন।
রিয়াদ রশিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ ছিলেন তিনি।
আব্দুর রশিদ জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রিয়াদের বন্ধু লিমন দত্ত মৃত্যুর সংবাদ মেসেঞ্জারের মাধ্যমে তাদের জানায়। গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নিহত হন।
তিনি বলেন, রিয়াদ ও লিমন গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেয়। ওই ড্রোন হামলায় লিমন একটি পা হারিয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার জানায়, রিয়াদ গত বছরের অক্টোবরে কাজের উদ্দেশে রাশিয়ায় যান। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পরিবারকে তিনি জানাননি। গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষ কথা হয়। ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত রিয়াদকে মেসেঞ্জারে অনলাইনে পেয়েছে পরিবারের সদস্যরা।
করিমগঞ্জ থানার ওসি এমরানুল কবির জানান, পুলিশ রিয়াদের বাড়ি গিয়ে মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছে। সরকারিভাবে এই ঘটনার কোনো তথ্য তাদের কাছে নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
.png)






