কুমিল্লায় অপ্রতিম হত্যা: তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুমিল্লা

অপ্রতিম হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের ছবি। সংগৃহীত ছবি
অপ্রতিম হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের ছবি। সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার(২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও মো. কামরুল হাসান জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রতিম হত্যা মামলায় তুহিন, ফাহাদ ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে ৯টার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে তিন আসামি অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। আইফোন দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয় এবং বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করা হয় বলে তাঁরা আদালতে জানান।

এর আগে চার আসামিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে ম্যাজিস্ট্রেট তাঁদের জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আসামি তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে যান। অপ্রতিমের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে সেখানে নেওয়া হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়াম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু বলেন, আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁদের তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এরপর আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়। আসামিদের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে বলেও তিনি জানান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত