
দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দাম আজ (২০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হবে। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে এ প্রজ্ঞাপন জারি করে।
নতুন দামে ১১৫ টাকার প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, ১৩৫ টাকার কেরোসিন ১৫৫ টাকা, ১৪০ টাকার পেট্রোল ১৬০ টাকা এবং ১৪৫ টাকার অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিনের দাম লিটারে ১৮ টাকা, পেট্রোলের ১৯ টাকা এবং অকটেনের ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে আরও ৫ টাকা করে বাড়ানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান দাঁড়ায় প্রায় ১০৯ কোটি টাকা। এই হিসাবে শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানো হলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
.png)
-3f0d26.jpeg)



-452e34-256x144.webp)

-07a56a-256x144.webp)