জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: প্রধান উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ০৩
ভোট দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।’ রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি একথা বলেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ সারাদিন উৎসব পালন করব। আজকের মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতের দুঃস্বপ্নকে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম। আমরা সারা দিনব্যাপী উৎসব করব।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য। যাতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, খুব ভালো লাগল। এটা আমার জীবনে মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু; সেটাই হলো আজকের এই প্রক্রিয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। এছাড়া গণভোট হচ্ছে। সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবে ‘হ্যাঁ’-‘না’ ভোট দেবেন ভোটাররা।

নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটদানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে এই ব্যবস্থাপনায় ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরা।

এবারের নির্বাচনে স্বতন্ত্র ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে ৫০টি দল। মোট প্রার্থী ২০২৮ জন, যার মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচনে ২৯১ জন প্রার্থী রয়েছে দেশের অন্যতম বড় দল বিএনপির, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছে ২৫৮, জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে ২২৪ জন। এছাড়া জাতীয় পার্টির ২০০, গণঅধিকার পরিষদ ৯৪ ও এনসিপির ৩২ জন প্রার্থী রয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত