বোরকা পরা ৬-৭জন কোপালেন, লাশ ফেললেন খালে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৮
কুপিয়ে হত্যার প্রতীকী ছবি
কুপিয়ে হত্যার প্রতীকী ছবি

বরিশাল মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাসানচর বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার সংলগ্ন খালপাড়ে কবিরকে ঘিরে ধরে বোরকা পরা ৬-৭ জন। তারা কুপিয়ে জখমের পরে কবিরকে খালে ফেলে পালিয়ে যান।

কবির পাশের মুলাদী উপজেলার নামার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। সাপ্তাহিক হাটে সদাই করতে তিনি ভাসানচর বাজারে গিয়েছিলেন।

নিহতের চাচাতো ভাই শহীদ ব্যাপারী বলেন, গত বছর একই এলাকার শাহাবুদ্দিন ব্যাপাপারী খুন হন। এরপর নিহতের স্বজনেরা কবিরকে আসামি করে মামলা করেন। ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে কবিরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

প্রকাশ্য বাজারে এমন হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে চলে যান। সন্ধ্যার পর প্রায় জনশূন্য হয়ে পড়ে ভাসানচর বাজার।

খবর পেয়ে কাজীরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে কবিরের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কাজীরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

বাজারের দুই ব্যবসায়ী বলেন, খালপাড়ে কবিরকে ঘিরে ধরে বোরকা পরা ৬-৭ জন। তারা কবিরের হাত-পা, গলা ও পেটে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় তাঁকে খালে ফেলে বোরকা খুলে সটকে পড়েন।

মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার বলেন, পূর্ববিরোধের জেরে কবিরকে বোরকা পরা একদল লোক হত্যা করেছে। হামলার পর ঘটনাস্থলে তারা বোরকা রেখে পালিয়ে যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত